ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৪:০০ অপরাহ্ন

জিমেইল সংক্রান্ত আলাপ করা যাবে জেমিনির সঙ্গে

অ্যান্ডয়েড স্মার্টফোনে জিমেইল ব্যবহারকারীরা এখন থেকে তাদের মেইলের ব্যাপারে সরাসরি গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির সঙ্গে কথোপকথন করতে পারবেন। এজন্য জিমেইল কিউঅ্যান্ডএ নামে একটি নতুন ফিচার এনেছে কোম্পানিটি। অর্থের বিনিময়ে জেমিনি ব্যবহার করেন, এমন গ্রাহকরা এ ফিচার ব্যবহার করতে পারবেন। গুগল জানিয়েছে, শিগগিরই আইওএসের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে। খবর টেকক্রাঞ্চ।

জিমেইল অ্যাপ থেকে এআই ফিচারটি ব্যবহার করা যাবে। এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি পুরো মেইল ইনবক্স পড়তে সক্ষম। ফলে ব্যবহারকারীর নির্দেশনা মোতাবেক মেইলের সারাংশ, একই বিষয়ের মেইল একত্র করাসহ নানা কাজ করতে পারবে। তবে এর কাজের ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। তাদের মতে, এআইয়ের সব ফলাফলকে শতভাগ বিশ্বাস করা উচিত নয়।

জিমেইলে তথ্য খুঁজতে সাধারণত ওপরের দিকের সার্চ বার ব্যবহার করা হয়। নতুন ফিচার আসায় সেটি চলে যাবে না। তবে এর পাশে একটি জেমিনি বাটন যুক্ত করা হবে। সার্চের মাধ্যমে কোনো মেইল খুঁজে বের করার পরিবর্তে জিমেইল কিউঅ্যান্ডএ চ্যাটবটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংক্ষিপ্তভাবে জানাবে। তবে উত্তর দেয়ার সময় এটি প্রাসঙ্গিক ই-মেইলও প্রদর্শন করবে।

ব্যবহারকারী মাসিক ২০ ডলারের বিনিময়ে জেমিনি বা গুগল এআইওয়ান কিনতে পারেন। এমন ব্যবহারকারীরা অ্যাপের ওপর ডান কোনার ব্ল্যাক স্টার লোগো ক্লিক করে জিমেইল কিউঅ্যান্ডএ ফিচারের সুবিধা নিতে পারবেন। ভবিষ্যতে এটি গুগল ড্রাইভেও ব্যবহার করা যাবে বলে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ