রাজধানীর গুলশান ও তেজগাঁও থানায় আজ শুক্রবার পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। তবে শুধু গুলশান ও তেজগাঁও থানায়ই নয়, গত তিন দিন ধরে বন্ধ থাকার পর আজ সকাল ৮টা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৯ থানায় সেবা কার্যক্রম চালু হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের পাহারায় পুলিশ সদস্যরা তাঁদের কর্মস্থলে যোগ দেন।
যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব থানার কার্যক্রম সাথে সাথেই শুরু করা হয়েছে। কিন্তু যেসব থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেখানে পুলিশ সদস্যরা এলেও বসার মতো অবস্থা না থাকায় ডিএমপির ২১ থানায় কার্যক্রম এখনো শুরু হয়নি।
এ ব্যাপারে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনারের সাথে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
আজ যেসব থানার কার্যক্রম শুরু হয়েছে তার মধ্যে রয়েছে রমনা, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, কোতোয়ালি, চকবাজার, সূত্রাপুর, ডেমরা, গেন্ডারিয়া, মতিঝিল, সবুজবাগ, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, হাতিরঝিল, শাহ আলী, কাফরুল, ভাষানটেক, দারুসসালাম, রূপনগর, ক্যান্টনমেন্ট, বনানী, উত্তরা পশ্চিম, উত্তরখান ও বিমানবন্দর।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে রাজধানীর বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত অসংখ্য গাড়ি। অনেক জায়গায় লুট হয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি। এ অবস্থায় দেশের পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।



















