বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
আগেই ঘোষণা দেয়া হয়েছে আজ রবিবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেয়া হবে। সে মোতাবেক রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও জনতার ঢল নামে। এ সময় এক দফা দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়ে শাহবাগ ও টিএসসি এলাকা। সময় যত বাড়ছে ছাত্র-জনতার স্রোত তত বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে আজ রবিবার সকাল থেকে সেখানে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।



















