চলতি অর্থবছরের ১১ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৪০ হাজার কোটি টাকা। গত মার্চ পর্যন্ত বাণিজ্য ঘাটতি দেখানো হয় মাত্র ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত দেশের রপ্তানির পরিমাণ বেশি দেখানোর ফলে বাণিজ্য ঘাটতি কম ছিল। তবে গত এপ্রিল থেকে রপ্তানির প্রকৃত তথ্য ধরে বৈদেশিক লেনদেন ভারসাম্যের (বিওপি) তথ্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গত মে মাসের পরিসংখ্যানও সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
গত এপ্রিল পর্যন্ত ১০ মাসে ইপিবির পরিসংখ্যানে প্রায় ১৩ দশমিক ৮০ বিলিয়ন ডলার রপ্তানি বেশি দেখানো হয়। বাংলাদেশ ব্যাংক এ পরিসংখ্যান সংশোধন করলে বৈদেশিক লেনদেন ভারসাম্যের সব হিসাব পাল্টে দেয়। পরের মাসেও ইপিবির রপ্তানি তথ্য সংশোধন হয়েছে।
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত লেনদেন ভারসাম্যের প্রতিবেদন অনুযায়ী গত মে পর্যন্ত আসলে রপ্তানি হয়েছে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের পণ্য। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৫ দশমিক ৯০ শতাংশ কম। অথচ ইপিবি দেখিয়েছিল ৫১ বিলিয়ন ডলারের বেশি। ইপিবির হিসাবে রপ্তানিতে ২ শতাংশ প্রবৃদ্ধি ছিল।
এর আগে গত এপ্রিল পর্যন্ত ১০ মাসে ইপিবি রপ্তানি দেখিয়েছিল ৪ হাজার ৭৪৭ কোটি ডলার বা ৩ দশমিক ৯৩ শতাংশ বেশি। অথচ রপ্তানি হয় ৩ হাজার ৩৬৭ কোটি ডলারের পণ্য।



















