আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ (২৬ জানুয়ারি)। প্রতি বছরের ন্যায় বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৫টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে।
এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘মিলে নধীন’ পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদযাপন করছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এবারে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার আয়োজন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি, অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সেমিনারে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এনবিআর সদস্য মো. মাসুদ সাদিক।
প্রতি বছরের ন্যায় বছরেও আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য যোগ্য কর্মকর্তা/প্রতিষ্ঠানকে ডাব্লিউ সার্টিফিকেট অব মেরিট ২০২৪ প্রদান করা হবে।

এছাড়া, দিবসটি উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিশেষ পোস্টার ও উৎসাহব্যঞ্জক স্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড ও ফেস্টুন প্রদর্শন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেন, চোরাচালান প্রতিরোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়নসহ নানামুখী পদক্ষেপের মাধ্যমে টেকসই অর্থনীতি বিনির্মাণে বাংলাদেশ কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। পরবর্তী প্রজন্মের হাত ধরে জ্ঞান চর্চা এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ কাস্টমস দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো বেশি অবদান রাখবে।


















