ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

আইসিএসবি’র উদ্যোগে ইএসজি ও সাসটেইনিবিলিটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর উদ্যোগে ‘Leading with ESG & Sustainability: Strategy, Compliance & Business Excellence’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি হোটেল হলিডে ইন-এ আয়োজিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল আইসিএসবি-এর সদস্য, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের ইএসজি নীতিমালা ও রিপোর্টিং বিষয়ে জ্ঞান ও ধারণা বৃদ্ধি করা।

আইসিএসবি-এর সাসটেইনিবিলিটি ও ইএসজি সাব-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ ইকবাল ফারুকী এফসিএস স্বাগত বক্তব্য প্রদান করেন। আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস উদ্বোধনী বক্তব্যে বলেন, সাসটেইনেবিলিটি এখন আর শুধুমাত্র একটি তাত্ত্বিক ধারণা নয়; বরং এটি আধুনিক ব্যবসায়িক কার্যক্রম ও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং পরবর্তীতে তিনি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন। আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণটির কো-অর্ডিনেটর মোঃ শরীফ হাসান এফসিএস সময়োপযোগী এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং রিসোর্স পারসনদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন আইসিএসবি-এর সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাব্বিরুল আলম চৌধুরী; সাজেদ মীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর প্রিন্সিপাল ও সিইও মীর সাজেদ উল বাশার এফসিএ; ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাদমান সাকিব আনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবর্ণা বড়ুয়া। প্রশিক্ষণে রিসোর্স পারসনগণ ইএসজি-এর মৌলিক বিষয়সমূহ, গভর্ন্যান্স ও ইন্টিগ্রিটি এবং সাসটেইনিবিলিটি রিপোর্টিং-বিশেষত GRI, IFRS-S1 ও IFRS-S2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণটি একটি প্রাণবন্ত আলোচনা পর্বের মাধ্যমে শেষ হয় যেখানে অংশগ্রহণকারীগণ ইএসজি ও সাসটেইনেবিলিটি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবহারিক চ্যালেঞ্জ সম্পর্কে নানা প্রশ্ন উত্থাপন করেন। রিসোর্স পারসনগণ প্রশ্নসমূহের উত্তর দেওয়ার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতালব্ধ বিভিন্ন দিকনির্দেশনা ও সুপারিশ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে আইসিএসবি-এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এবং বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। পরিশেষে, আইসিএসবি-এর কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ