ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ভোটে জিতে যা বললেন মাশরাফী

খেলার মাঠের মতো রাজনীতিতেও একের পর এক সাফল্য বয়ে আনছেন মাশরাফী বিন মোর্ত্তজা। টানা দ্বিতীয়বারের মতো নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

স্থানীয় সূত্র মতে, ১৪৭ কেন্দ্রে ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাশরাফী। মাশরাফীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাতুড়ি মার্কার শেখ হাফিজুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৪১টি। এ ছাড়াও ঈগল মার্কার প্রার্থী মোহাম্মদ নূর ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট।

নির্বাচনে জয়ী হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফী। এসময় তিনি ভোট দিতে আসা জনগণকে ধন্যবাদ জানান তিনি। ম্যাশ বলেন, ‘গ্রামাঞ্চলে তো একটু শীত বেশি। তারপরেও ৮ টা থেকে অনেক বয়স্ক মানুষ এবং মহিলারা এসেছেন। উনাদের জন্য কাজটা সহজ ছিল না। তখনই আমি বুঝেছি, মানুষের স্বতস্ফূর্ততা আছে।’

মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন মাশরাফীর এক সময়ের সতীর্থ সাকিব আল হাসান। ম্যাশ নিজেও গিয়েছিলেন সাকিবের হয়ে প্রচারণায় অংশ নিতে। নির্বাচন শেষে জানালেন সাকিবের কাছে তার প্রত্যাশার কথা।

তিনি বলেন, ‘পাপন ভাই আমাদের বোর্ড সভাপতি ছিল, আছেন। সাকিবও এবার যুক্ত হল। আমার পুরোটা জুড়েই আমি তাকে অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি, সে মাগুরাবাসীর জন্য দারুণ কিছু করে দেখাবে।’

নড়াইলের ক্রীড়াঙ্গন নিয়ে ভবিষ্যতে কী করার পরিকল্পনা মাশরাফীর, এমন প্রশ্নের উত্তরে ম্যাশ বলেন, ‘নড়াইলের ক্রীড়াঙ্গন নিয়ে আগে থেকেই কাজ করছি। আরেকটু বড় পরিসরে বা গুছিয়ে কাজটা করা দরকার। আমাদের কোচিং থেকে শুরু করে খেলোয়াড় ম্যানেজমেন্ট এগুলো একসাথে করতে হবে। চেষ্টা করতে হবে। আসলে সব সেক্টরেই পিছিয়ে ছিলাম। আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ