ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১:২৫ অপরাহ্ন

হরতালের শেষ দিন আজ, বেড়েছে যান চলাচল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে বিএনপি-জামায়াতে ইসলামী ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিন আজ সোমবার (২০ নভেম্বর)। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত চলবে এই হরতাল।

রবিবার ভোর হরতাল শুরু হলেও সারাদিন রাজধানীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিন পেরিয়ে রাত নামতেই রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়েছে। এছাড়া আওয়ামী লীগের গুলিস্তান কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছে। ওয়ারী থানা পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

এদিকে, আজ সোমবার হরতালের অন্যদিনের তুলনায় এদিন রাজধানীতে যানবাহন চলাচল বেড়েছে। তবে সেটি স্বাভাবিকের চেয়ে কম। আর এতে করে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রাজধানীতে হরতালের প্রভাব সড়কে খুব একটা চোখে পড়েনি। বিশেষ করে ঢাকার প্রধান প্রধান পয়েন্টে গাড়ির চাপ কিছুটা বেশি। বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচলও বেড়েছে। তবে রাস্তায় থাকা যাত্রীদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।

গাবতলীসহ রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি আন্তঃজেলা বাস ছেড়ে গেলেও যাত্রী ছিল একেবারেই কম। তবে যাত্রীদের চাপ ছিল কমলাপুর রেলস্টেশনে।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোট গুলো।

এরআগে, ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮ , ৯ ও ১২ এবং ১৩ ও ১৫, ১৬ নভেম্বর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির পালন করেছে বিএনপি ও জামায়াত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ