ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১:২৪ অপরাহ্ন

বাস-ট্রেনে আগুন, চলছে না দূরপাল্লার যান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল শুরু হয়েছে। সমমনা দলগুলোও একই কর্মসূচি পালন করছে। পাশাপাশি নিজেদের মতো করে এই কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী ও লেবার পার্টি।

আজ রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬টায় থেকে মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত চলবে এই হরতাল। এর মধ্যে রাজধানীতে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করলেও ছাড়েনি দূরপাল্লার বাস।

সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মাজার রোড ঘুরে হাতেগোনা কয়েকটি গণপরিবহনের দেখা মেলে। এছাড়া রিকশা, সিএনজি চালিত অটোরিকশার মতো কিছু বাহন চলতে দেখা যায়। তবে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। বেলা বাড়লে যাত্রী চাহিদার ভিত্তিতে দুরপাল্লার পরিবহন ছাড়া হতে পারে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

হরতালে সারাদেশে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। অবরোধে দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী পরিবহন, জ্বালানি তেলবাহী পরিবহনসহ অন্যান্য যানবাহন চলাচলের জন্য বিশেষ নিরাপত্তা (এসকর্ট সার্ভিস) দিচ্ছে র‌্যাব। রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী ও ঢাকামুখী পরিবহনকে দেয়া হবে এই নিরাপত্তা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাংচুর, অগ্নিসংযোগ, সরকারি বিভিন্ন স্থাপনা ভাঙচুরও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতংক সৃষ্টির অপচেষ্টা চলছে। তাই দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী পরিবহন, জ্বালানি তেলবাহী লরিসহ অন্যান্য যান চলাচলে যেন কোনো বাধার সৃষ্টি না হয় সেই ব্যাপারটি নিশ্চিত করবে র‌্যাব।

তিনি বলেন, গত ৩০ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত র‌্যাব দেশব্যাপী পণ্যবাহী পরিবহন, জ্বালানি তেলবাহী পরিবহন, দূরপাল্লার গণপরিবহনসহ অন্যান্য যানবাহনের দুই শতাধিক কনভয়ের মাধ্যমে ১৭ হাজারের বেশি যানবাহনকে এসকর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচল সচল, অর্থনৈতিক এবং জীবনযাত্রার স্বাভাবিক রাখতে র‌্যাব এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, হরতালের আগে রাতে বেশ কয়েকটি স্থানে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শনিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে থেমে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় এক কিশোরকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। রাত পৌনে ৮টার দিকে গুলিস্তান টোলপ্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাত ৯টায় চট্টগ্রামের বহদ্দারহাটে একটি বাসে, পৌনে ১০টায় জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়ায় আরেকটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১১টায় কুমিল্লায় একটি বাসে, রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন দেয়া হয়। এ ছাড়া গত রাত ১২টার দিকে মিরপুরের কালশীতে বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ফায়ার সার্ভিস জানায়।

হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি ঘিরে গত ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ১৩৩টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেয়া হয়েছে ৮৭টি যানবাহনে।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

মূলত, ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮, ৯ ও ১২ এবং ১৩ ও ১৫, ১৬ নভেম্বর মোট পাঁচ দফায় অবরোধ কর্মসূচির পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ