বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামবে ক্রিকেটের দুই হেভিওয়েট দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে এই দুই দলের দেখায় অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছিল বাভুমার দল। অস্ট্রেলিয়ার সামনে আজ সুযোগ থাকছে প্রতিশোধ নিয়ে ফাইনালের টিকিট কাটার।
চলতি বিশ্বকাপে দারুণ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রতিটি ম্যাচেই তারা দাপটের সঙ্গে জয় পায়। যদিও শেষের দিকে এসে তাদের দাপট কিছুটা কমেছে। তবুও দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে। অপরদিকে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল অস্ট্রেলিয়ার। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা সাত জয় তুলে নিয়ে সেমির টিকিট কাটে কামিন্সের দল।
এদিকে ইডেন গার্ডেন্সের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো। তবে স্পিনারদের জন্যও এই পিচে সুবিধা রয়েছে। পেসাররা এখান থেকে খুব বেশি সাহায্য পাবে না। ব্যাটাররা সেট হয়ে গেলে তাদের রান করা থেকে আটকানো সহজ হবে না। যে দল টসে জিতবে সেই দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।
আর স্পিন বান্ধব পিচ হওয়ায় দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে এক পেসার কমিয়ে তাদের স্কোয়াডে থাকা আরেক স্পিনার তাবরেজ শামসিকেও একাদশে নিতে পারে। এদিকে অস্ট্রেলিয়ার দলে স্পিনারের কমতি থাকায় তারা পেসারদের উপরই নির্ভর করতে হবে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে খেলেননি ম্যাক্সওয়েল ও স্টার্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরবেন তারা।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।


















