বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল পৌনে ১১টায় সরকারপ্রধান হেলিকপ্টারে করে পতেঙ্গায় নেভাল হেলিপ্যাডে পৌঁছান বলে তার উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান।
পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। এরপর দুপুরে জনসভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী। টানেল উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী চট্টগ্রামে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম এবং প্রথম পানির নিচের সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করবেন তিনি।
দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে যাচ্ছে। এর মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হতে চলেছে চট্টগ্রামবাসী।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সকাল থেকেই কেইপিজেড মাঠে মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে নগরী ও আশপাশের সব উপজেলা থেকে এসেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। বাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহনে মানুষ আসছেন।



















