ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিল

ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারের ঝড় তোলা ইনিংসে ভর করে ধর্মশালায় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে সব কটি উইকেট হারিয়ে ৩৮৮ রান করেছে তারা।

শনিবার (২৮ অক্টোবর) কিউইদের বিপক্ষে উড়ন্ত শুরু পেয়েছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড রীতিমতো ঝড় তুলেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনদের ওপর দিয়ে।

দলীয় তৃতীয় ওভারে দুটি নো-বল করেছিলেন ম্যাট হেনরি। সেই দুই বলেই ছক্কা হাঁকান হেড। সেখান থেকে মোমেন্টামও পেয়ে যায় ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপাধারীরা। ওই ওভারে আসে ২২ রান। ৫ ওভার শেষে ৬০ রান পায় তারা।

২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। হেড ফিফটি করেন মাত্র ২৫ বলে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ব্যাটারদের এটা দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। এর আগে ২১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ ওভার শেষে অজিরা পায় ১১৮ রানের সংগ্রহ। ২০তম ওভারে গ্লেন ফিলিপসের বলে আউট হন ওয়ার্নার। ৬৫ বলে ৮১ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৬টি ছক্কার মারে। ওই ওভার শেষে তাদের দলীয় রান হয় ১৭৭।

ওয়ার্নার সেঞ্চুরি মিস করলেও হেড তিন অংকের ঘরে পৌঁছান মাত্র ৫৯ বল খেলে। কিছুক্ষণ পর তার ঝড় থামান ফিলিপস। ৬৭ বলে ১০৯ রান করেন অজি ওপেনার। তার ইনিংসে আছে ১০টি চার ও ৭টি ছয়ের মার। এরপর রানের গতি কমতে থাকে তাদের। স্টিভ স্মিথ দলীয় ২২৮ রানে, মিচেল মার্শ ২৬৪ রানে, মার্নাস লাবুশেন ২৭৪ রানে বিদায় নেন। এদের মধ্যে স্মিথ ১৮, মার্শ ৩৬ ও লাবুশেন ১৮ রান করেন।

শেষ দিকে ঝোড়ো ইনিংস আসে গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস ও প্যাট কামিন্সের ব্যাট থেকে। ডাচদের বিপক্ষে সেঞ্চুরি করা ম্যাক্সওয়েল ২৪ বলে ৪১ রান করে জিমি নিশামের ওভারে আউট হন। ইংলিসকে ৩৮ রানে আউট করেন বোল্ট। ১৪ বলে ৩৭ রান করে আউট হন কামিন্স। মিচেল স্টার্ককে ম্যাট হেনরি ও অ্যাডাম জাম্পাকে তুলে নেন বোল্ট।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যানে, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), জেমস নিশাম, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ও ট্রেন্ট বোল্ট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ