ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

আজ থেকে নতুন দামে ডলার

প্রবাসী আয় ও রপ্তানিতে ডলারের দাম বাড়িয়ে পুন:নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার (৩১ জুলাই) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় ডলারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী রপ্তানিকারকদের প্রতি ডলারের দাম এক টাকা বা‌ড়ি‌য়ে দেওয়া হ‌বে ১০৮ টাকা ৫০ পয়সা। এতদিন যা ছিল ১০৭ টাকা ৫০ পয়সা। আর রেমিট্যান্স বা প্রবাসী আ‌য়ে ৫০ পয়সা বা‌ড়ি‌য়ে করা হ‌য়ে‌ছে ১০৯ টাকা। এ ছাড়া আমদানিতে ডলারের সর্বোচ্চ দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা। আগে যা ‌ছিল ১০৯ টাকা।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে সংকট আরও বেড়ে যায়। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এরপর থেকে এই দুই সংগঠন মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, সোমবার আন্তঃব্যাংকে ডলার লেনদেন হচ্ছে ১০৯ টাকায়। এটা এযাবৎকালের সর্বোচ্চ বিনিময় হার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ