ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

বড় ব্যবধানে স্কটল্যান্ডের কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার পথে হাঁটল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়েছে স্কটল্যান্ড।

ওভালে দিনের শুরুতেই বেশ ভালো শুরু করে স্কটিশ ব্যাটাররা। ওপেনিং জুটিতে করে ৫৫ রান। নির্ধারিত বিশ ওভার শেষে ওপেনার জর্জ মুনসের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে তারা। মুনসে তুলে নেন আসরের প্রথম অর্ধশতক। খেলেন ৫৩ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস। কলাম ম্যাকলয়েড খেলেন ১৪ বলে ২৩ রানের এক ঝড়ো ইনিংস।

উইন্ডিজের হয়ে দুইটি করে উইকেট নেন জেসন হোল্ডার ও আলজারি জোসেফ। একটি উইকেট পান ওডিয়েন স্মিথ।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালভাবেই করে উইন্ডিজ ব্যাটাররা। তবে ৫৩ রানে দুই উইকেট হারানোর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। ৭৯ রান করতেই সাজঘরে ফেরেন দলের আটজন ব্যাটার। এরপর জেসন হোল্ডার ও ওডিয়েন স্মিথ প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। ১১৮ রানে থামে উইন্ডিজদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন জেসন হোল্ডার। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মার্ক ওয়াট। দুইটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল ও মাইকেল লিস্ক।

অপরাজিত ৬৬ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান জর্জ মুনসে।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড ১৬০/৫ (জর্জ মুনসে ৬৬*, ক্যালম ম্যাকলয়েড ২৩; জেসন হোল্ডার ২-১৪, আলজারি জোসেফ ২-২৮)

ওয়েস্ট ইন্ডিজ ১১৮ (জেসন হোল্ডার ৩৮, কাইল মেয়ার্স ২০; মার্ক ওয়াট ৩-১২, মাইকেল লিস্ক ২-১৫, ব্র্যাড হুইল ২-৩২)
ফলাফল- স্কটল্যান্ড ৪২ রানে জয়ী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ