ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

দল পাননি সাকিব, বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা

আলোচনা ছিল এবার হয়তো সাকিব আল হাসানের ব্যবসা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেড ‘মোনার্ক পদ্মা’ নামে হয়তো বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) ফ্যাঞ্চাইজি স্বত্ব পাবে। মানে বিপিএলে থাকবে সাকিবের নিজের একটা দল। কিন্তু শেষ পর্যন্ত আলোচনাটা আলোচনাই থেকে গেল। বিপিএলে সাকিবের নিজের দল হলো না। সাকিবের ‘মোনার্ক পদ্মা’ ফ্যাঞ্চাইজি স্বত্ব পায়নি। সাকিবের মোনার্ক পদ্মার দল পাওয়ার আলোচনাকে ভেস্তে দিয়ে আজ বিপিএলের ৭ ফ্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুধু এক আসরটির জন্য নয়। আগামী তিন মৌসুমের জন্য বিপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য চূড়ান্ত করা ৭টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে বিসিবি।

রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি। অনেক গুঞ্জনের পরও দল নেয়নি অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস। বেক্সিমকোর বদলে ঢাকার মালিকানা এবার পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। খুলনার মালিকানায় থাকছে মাইন্ডট্রি লিমিটেড। তবে যথারীতি ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানাতেই থাকছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি।

চট্টগ্রামের দলের মালিকানায় আছে ডেলটা স্পোর্টস লিমিটেড। টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) পেয়েছে রংপুরের মালিকানা। সিলেটের দায়িত্বে থাকছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। শেষ দিকে নাম লেখানো কুমিল্লা ভিক্টোরিয়ান্সও আছে আসন্ন তিন বিপিএলে।

বিপিএলের আগামী আসর শুরু হওয়ার হবে ২০২৩ সালের ৩ জানুয়ারি। পরের দুই আসরেও মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠানগুলো।

বিপিএলের মালিকানা পেল যেসব প্রতিষ্ঠান-

ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ