এই বছরের ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি২০ বিশ্বকাপ ২০২২। ঘরের আসরকে সামনে রেখে সবার আগে দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৫ সদস্যের দলে রয়েছে একটি চমকও। অস্ট্রেলিয়া তাদের স্কোয়াডে রেখেছে সিঙ্গাপুরের মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডকে।
অনেকদিন ধরেই ক্রিকেট অস্ট্রেলিয়া ২৬ বছর বয়সী ক্রিকেটারকে নিজেদের করে নেয়ার চেষ্টা করছিল। অবশেষে সফল হয়েছে। সিঙ্গাপুরে ক্রিকেটীয় সংস্কৃতি খুব শক্তিশালী নয়। নিজের প্রতিভা কাজে লাগাতে ডেভিডও বেছে নিলেন অস্ট্রেলিয়াকে। সিঙ্গাপুরে জন্মগ্রহণ করলেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠেন তিনি।
সিঙ্গাপুরের হয়ে তিনি খেলেছেন ১৪টি টি২০ ম্যাচ। পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ৪৬ দশমিক ৫০ গড়ে করেছেন ৫৫৮ রান। স্ট্রাইকরেট ছিল ১৫৮ দশমিক ৫১। ১৪ ম্যাচের ক্যারিয়ারে ৫০টি চার ও ২৬টি ছক্কা মেরেছেন। চারটি হাফসেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ ইনিংস মালয়েশিয়ার বিপক্ষে ৩২ বলে অপরাজিত ৯২ রান।
আইপিএল, পিএসএল ও সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় নিয়মিত নিজের জাত চিনিয়ে যাচ্ছেন টিম ডেভিড। কিছু দিন আগে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, সে (ডেভিড) এমন একজন খেলোয়াড় যে আপনাকে বিশ্বকাপ জেতাতে পারে।
আগামী ২২ অক্টোবর সিডনিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বাকাপের দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।


















