ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন

১৭ বছর পর পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড

১৭ বছর পর পাকিস্তানে স্বাগতিকদের বিপক্ষে দুই ধাপে সিরিজ খেলবে ইংল্যান্ড। প্রথম ধাপে আগামী মাসে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। আর দ্বিতীয় ধাপে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে পাকিস্তানে যাবে ইংল্যান্ড।

এরই মধ্যে টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। আগামী ৯ ডিসেম্বর থেকে মুলতানে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর আগামী ১৭ ডিসেম্বর থেকে করাচিতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

পিসিবি পরিচালক জাকির খান এক বিবৃতিতে বলেন, পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।

২০০৫ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ইংল্যান্ড। ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কা ক্রিকেট দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর থেকে নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের হোম সিরিজ খেলে পাকিস্তান।

২০১৫ সাল থেকে পাকিস্তানে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও, গত বছরের সেপ্টেম্বরে নিরাপত্তার কারণে ওয়ানডে সিরিজ শুরুর আগ মুহূর্তে সফর স্থগিত করে দেশ পাকিস্তান ছাড়ে নিউজিল্যান্ড। ফলে আরো একটি ধাক্কা খায় পাকিস্তান।

নিউজিল্যান্ড দেশে ফেরার এক সপ্তাহ পর পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেট দল।

এই বছরের শুরুতে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সফর করে অস্ট্রেলিয়া।

ইসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ক্লেয়ার কনর বলেন, ইংল্যান্ডের খেলা দেখতে দেখতে প্রায় ১৭ বছর অপেক্ষা করেছেন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।

তিনটি ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বর্তমানে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানে পঞ্চম এবং ইংল্যান্ড সপ্তম স্থানে রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ