টি-টোয়েন্টির পরাজয়ের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ অবশেষে জয়ের দেখা পেয়েছে।
চলতি জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় জয়ে ঘুচলো পরাজয়ের খরা। মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে স্বল্প রানে রুখে দিয়ে প্রথম ইনিংস শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ।
শেষ পর্যন্ত স্বাগতিকদের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখে টপকে গেল টাইগাররা। ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে সফরকারীরা।
টি-টোয়েন্টি ফরম্যাট বিচারে ১৩৬ রানের লক্ষ্যকে মামুলিই বলা চলে। এই রান তাড়া করতে নেমে লিটন দাসের ব্যাটে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। প্রথম ৬ ওভার তথা পাওয়ারপ্লে থেকে ৫৩ রান তোলে সফরকারীরা।
বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে রিচার্ড এনগারাভার বলে তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার ব্যক্তিগত মাত্র ৭ রানে বোল্ড হয়ে ফিরেছেন। সিরিজের প্রথম ম্যাচে ৪ রানের পর এই ম্যাচেও দুই অঙ্কের ঘর স্পর্শ করতে ব্যর্থ হলেন তিনি।

মুনিম দ্রুত ফিরে গেলেও এনামুল হক বিজয়কে সাথে নিয়ে ঝড়ো গতিতে রান তোলা অব্যাহত রাখেন লিটন। নবম ওভারের শেষ বলে উইলিয়ামসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরার আগে ৬ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৫৬ রান করেন তিনি।
লিটন ফেরার ৩ বলের মাথায় সাজঘরের পথ ধরেন বিজয়ও। ১৫ বলে ১৬ রান করে সিকান্দার রাজার বলে আউট হন তিনি।


















