ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

শ্রীলঙ্কার অনুরোধে প্রস্তুতি ম্যাচের ভেন্যু বদল

দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল আগামী মাসে ঈদের পর পরই বাংলাদেশে আসবে। টেস্ট সিরিজের আগে তারা দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের ভেন্যু হিসেবে প্রথমে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে বেছে নেয় বিসিবি। কিন্তু ম্যাচটি এখন সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকারী দল ম্যাচটি ঢাকার আশেপাশে খেলতে অনুরোধ করেছিল। সে অনুযায়ী চট্টগ্রামের পরিবর্তে বিকেএসপিতে তা আয়োজন করা হচ্ছে। প্রস্তুতি ম্যাচ বিকেএসপিতে হলেও প্রথম টেস্ট পূর্ব নির্ধারিত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ৮ মে বাংলাদেশে পা রাখবেন লঙ্কানরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ৯ মে অনুশীলন করবেন তারা। ১০ ও ১১ মে বিকেএসপিতে স্থানীয় একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। ১২ মে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা দল।

প্রথম টেস্টের ভেন্যুতে বাংলাদেশ চলে যাবে বেশ আগেভাগেই। ৮ মে চট্টগ্রাম পৌঁছে ৯ তারিখ থেকে সেখানেই অনুশীলন করবেন মুমিনুল হকরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। ঢাকায় ফিরে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ মে।

২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে শ্রীলঙ্কায় গিয়ে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশে এসেও একই ব্যবধানে জিতে গিয়েছিল লঙ্কনরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে শ্রীলঙ্কা। ১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ