ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

ইউক্রেনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র-পোল্যান্ড

পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তির বিষয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, যার মাধ্যমে সোভিয়েত আমলের কিছু বিমান ইউক্রেনকে দেবে পোল্যান্ড। বিনিময়ে পোল্যান্ডকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র।

রুশ বাহিনীর অগ্রগতির মধ্যে ইউক্রেনকে সহায়তায় দেশটির প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি ও তিন শতাধিক মার্কিন আইনপ্রণেতার মধ্যে এক বৈঠকের পর হোয়াইট হাউস এ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।গতকাল শনিবার (৫ মার্চ) আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি জানিয়েছেন, তার দেশের জরুরি ভিত্তিতে এখন অনেক বিমানের দরকার। হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছেন, আমরা বিষয়টি নিয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি এবং ন্যাটোর অন্য দেশগুলোর সঙ্গেও কথা বলছি।

পোল্যান্ড যদি ইউক্রেনকে বিমান সরবরাহ করে, সেটি পূরণে যুক্তরাষ্ট্র কি করবে, তা নিয়েই বিশেষ করে আলোচনা চলছে। আর ইউক্রেনের চালকদের জন্য রাশিয়ার তৈরি বিমান দরকার। কারণ তারা এ ধরনের বিমান চালনায় প্রশিক্ষিত।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন, যেখানে তিনি ইউক্রেনের জন্য নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তা দেয়ার উদ্যোগ নেয়ার কথা বলেছেন। অতিরিক্ত তহবিল বরাদ্দের জন্য তিনি কংগ্রেসের সঙ্গে আলোচনা করছেন বলেও জানিয়েছেন। -বিবিসি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ