ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

২৮ নাবিক শেল্টার হাউসে

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিককে উদ্ধার করে ‘শেল্টার হাউসে’ নেওয়া হয়েছে। একই সঙ্গে মিসাইল হামলায় নিহত জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের লাশ ইউক্রেনের একটি হিমঘরে রাখা হয়েছে।

ইউক্রেন বিষয় দেখভালের দায়িত্বে থাকা পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’কে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে পাঠান নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। চিঠিতে ‘বাংলার সমৃদ্ধির’ নাবিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

হাদিসুর রহমানের মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস। আটকা পড়া নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘জাহাজের ২৮ নাবিককে সেফ জোনে নিয়েছি। আমরা দ্রুত সময়ের মধ্যে মরদেহসহ সবাইকে দেশে আনার চেষ্টা করছি।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আটকা পড়া নাবিকদের মালদাভা বা হাঙ্গেরির কাছাকাছি কোথাও সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে আমাদের সময়কে বলেন, জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখান থেকে জাহাজটি বের করা সম্ভব হচ্ছে না। কারণ ইউক্রেনের যে বন্দরে জাহাজটি রয়েছে, তার আশপাশে মাইন পুঁতে রাখা রয়েছে। ফলে জাহাজটি পরিত্যক্ত করতে বাধ্য হতে হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ