ঘরোয়া একদিনের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেলেন শ্রীলঙ্কার অফস্পিনার আশিয়ান ড্যানিয়েল। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে একমাত্র চমক হিসেবে ড্যানিয়েলকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।
আরও একবার উপেক্ষিত হয়েছেন মিডল অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকশে। খারাপ ফিটনেসের কারণ দেখিয়ে ভানুকাকে দলের বাইরেই রেখেছেন নির্বাচকরা। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দলে ড্যানিয়েলই এসেছেন একমাত্র অন্তর্ভুক্তি হিসেবে।
অস্ট্রেলিয়ার কাছে ১-৪ ব্যবধানে হারা সিরিজে ইনজুরিতে পড়া তিন ক্রিকেটার আভিশকা ফার্নান্দো (হাঁটুর চোট), রমেশ মেন্ডিস (আঙুলের চোট) ও নুয়ান থুসারা (পিঠের চোট) ভারতের বিপক্ষে খেলতে পারছেন না। এছাড়া চোট কাটিয়ে দলে ফেরা হয়নি কুশল পেরেরারও।
ফর্মজনিত কারণে কোনো খেলোয়াড়কে বাদ দেয়নি লঙ্কানরা। অসিদের বিপক্ষে সিরিজে একাদশে জায়গা হারানো দানুশকা গুনাথিলাকা ও দীনেশ চান্দিমালকেও রাখা হয়েছে স্কোয়াডে। সবশেষ ম্যাচে অভিষিক্ত কামিল মিশরা ও জানিথ লিয়ানাগেও নিজেদের জায়গা ধরে রেখেছেন।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ভানিন্দু হাসারাঙ্গা ও বিনুরা ফার্নান্দোরা সাতদিনের আইসোলেশন পর্ব শেষ করা, তাদেরও নেওয়া হয়েছে দলে। বৃহস্পতিবার থেকে লখনৌয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, কামিল মিশরা, জানিথ লিয়ানাগে, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসাই, প্রবীণ জয়াবিক্রম ও আশিয়ান ড্যানিয়েল।


















