বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাট কিংবা বল কোনোভাবেই অবদান রাখতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। তারই পারফর্মেন্সের প্রতিচ্ছবি হয়েছিল ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করেছে। তবে শিরোপা হাতছাড়া করলেও রেকর্ড চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা পুরষ্কার নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে বল হাতে ৩০ রান দিয়ে শিকার করেছিলেন এক উইকেট।
এছাড়াও ব্যাট হাতে দলের গুরুত্বপূর্ণ সময়ে ৭ বলে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। ফাইনালে জ্বলে উঠতে না পারলেও টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। তাই তার হাতেই টুর্নামেন্ট সেরার পুরষ্কার উঠবে এটাই ছিল স্বাভাবিক। হয়েছেও তাই।
বিপিএলের অষ্টম আসরে ১১ ম্যাচে ২৮ দশমিক ৪০ গড়ে ১৪৪.১৬ স্ট্রাইক রেটে করেছিলেন ২৮৪ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। এছাড়াও বল হাতে ১৪ দশমিক ৫৬ গড়ে শিকার করেছিলেন ১৬ উইকেট। এখানে তার অবস্থান ছিল তৃতীয়।
এর আগে বিপিএলের প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। এছাড়াও ২০১৯ আসরের টুর্নামেন্টসেরা ছিলেন তিনি। বিপিএলে সাকিবের চেয়ে বেশিবার টুর্নামেন্ট সেরা পুরষ্কার বাগিয়ে নিতে পারেননি।



















