কয়েকদিন ধরে গুঞ্জন ছিল নিরাপত্তা শঙ্কা থাকায় কয়েকজন ক্রিকেটার বাদেই পাকিস্তান সফরে যেতে পারে অস্ট্রেলিয়া। তবে সেটা সত্যি হল না। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে তাতে দেখা যাচ্ছে পূর্ণ শক্তি নিয়েই পাক সফরে যাচ্ছে অজিরা।
দীর্ঘ ২৪ বছর পর এবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আসছে মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে অজিদের এ সফর। তারা খেলবে তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি।
নিরাপত্তা শঙ্কা থাকায় পাকিস্তান সফরে প্রথমে অস্ট্রেলিয়ার বেশ কয়েতজন ক্রিকেটারের অনাগ্রহ ছিল। তবে গত নভেম্বর থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সে আলোচনা যে ফলপ্রসূ হয়েছে, সেটা খেলোয়াড় তালিকায় নজর দিলেই বোঝা যাচ্ছে। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডদের সবাই পাকিস্তানে যাচ্ছেন।
হ্যাজলউড ও ঝাই রিচার্ডসনের চোটের কারণে অ্যাশেজে সুযোগ পেয়েছিলেন পেসার স্কট বোলান্ড। চমক জাগানো পারফরম্যান্সের পাকিস্তান সফরের দলেও জায়গা করে নিয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজাও সুযোগ পেয়েছেন পাকিস্তান সফরে।
পাকিস্তান সফরে অফ স্পিনার নাথান লায়নের পাশাপাশি বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার ও লেগ স্পিনার মিচেল সুইপসনকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। দলে মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের মতো দুজন পেস বোলিং অলরাউন্ডারও আছেন।

আপাতত শুধু টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এ সিরিজ শেষ হওয়ার আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টিও দলও জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ–অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, স্কট বোলান্ড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, মাইকেল নেসের, মিচেল সুইপসন ও অ্যাশটন অ্যাগার।


















