বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়াই করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কিন্তু নির্বাচনে জয়ী হতে পারেননি সাবেক উইকেটকিপার। ৯ ভোটারের কাছ থেকে মাত্র ২ ভোট পেয়েছেন তিনি। ফলে ৭-২ ভোটে এগিয়ে থেকে জয় পেয়েছেন প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী।
স্বপন গত মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন। আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তার কাছে হেরে গেছেন পাইলট। নির্বাচন শেষে সাবেক এই ক্রিকেটার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘খেলোয়াড় সুলভ মনোভাব নিয়েই আমি ভোটের ময়দানে নেমেছি। কোনও চাপ ছিল না। আমি আমার মতো চেষ্টা করেছি। হয়নি। তবে ক্রিকেটের উন্নতির জন্য বাইরে থেকে কাজ করে যাবো।’
জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রাজশাহী ও ঢাকাতে কেবল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগেই এই ক্যাটাগরিতে সাত পরিচালক নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন, আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ), আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)।
ঢাকা বিভাগে তানভীর আহমেদ ও দুর্জয়ের প্রতিদ্বন্দ্বী থাকলেও নির্বাচনের আগ মুহূর্তে তারা প্রার্থিতা স্থগিত করেন। ব্যালটে ওই দুই প্রার্থীর নাম থাকলেও তারা নির্বাচিত হতে পারেননি।



















