টোকিও অলিম্পিক ফাইনালে স্পেন- ব্রাজিল দুই দলই আজ মাঠে নামবে অলিম্পিক ফুটবলে সোনার পদকের লড়াইয়ে।
অলিম্পিক ফুটবলে বয়স সীমা নির্ধারণের পরই ইউরোপিয়ানদের দাপট কমতে থাকে। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক থেকে পুরুষ ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল অংশ নিচ্ছে। সেবার ঘরের মাঠে পোল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো সোনা জেতে স্পেন। অলিম্পিক পুরুষ ফুটবলে ওটাই হয়ে আছে কোনো ইউরোপিয়ান দলের শেষ সোনা জেতা। ২০০০ সালে সিডনি অলিম্পিকে স্পেন ও ২০১৬ রিও অলিম্পিকের ফাইনালে উঠেছিল জার্মানি।
সিডনিতে স্পেন হেরেছিল ক্যামেরুনের কাছে। রিওতে নেইমারের ব্রাজিল হারিয়ে দেয় জার্মানিকে। অলিম্পিকে সেবারই প্রথম পুরুষ ফুটবলে স্বর্ণ জয়ের আনন্দে ভাসে ব্রাজিল। ২৯ বছর পর কোনো ইউরোপিয়ান দলের সোনা জয়ে বাধা সেলেসাওরা। ঘরের মাঠে ৫ বছর আগে প্রথমবার অলিম্পিক চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আলভেজ-রিচার্লিসনদের সুযোগ ব্রাজিলকে ইতিহাসের পাতায় তোলার। পুরুষদের ফুটবলে টানা দুইবার স্বর্ণ জয়ের কীর্তি রয়েছে কেবল চার দলের।
১৯০৮ ও ১৯১২তে প্রথমবার এই কীর্তি গড়ে গ্রেট বৃটেন। ১৯২৪ ও ১৯২৮ এ টানা দুইবার সোনা জয় করে উরুগুয়ে। হাঙ্গেরি তাদের সোনালী সময়ে ১৯৬৪ ও ১৯৬৮ অলিম্পিকে জিতে নেয় সোনার পদক। এই সময়গুলোতে পুরুষদের ফুটবলে বয়সের সীমাবদ্ধতা ছিল না। ১৯৯২ অলিম্পিক থেকে বয়সের সীমাবদ্ধতার নিয়ম শুরুর পর টানা দুই আসরে সেরা হওয়ার রেকর্ড আর্জেন্টিনার। ২০০৪ সালে এথেন্সে কার্লোস তেভেজ, হাভিয়ের স্যাভিওলারা এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনাকে সোনা জেতান লিওনেল মেসি, হাভিয়ের মাশ্চেরানো, ডি মারিয়া, রিকুয়েলমেরা।
২০০২ বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল জার্মানিকে হারিয়ে। ফাইনালে ইয়োকোহামা স্টেডিয়ামে রোনাল্ডো নাজারিও করেছিলেন জোড়া গোল। বিশ্বকাপের মতো না হলেও অলিম্পিকের শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্রাজিল নামবে সেই ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে। যেখানে পঞ্চমবার বিশ্বসেরার মুকুট পরেছিল ব্রাজিল।

২৯ বছর পর অলিম্পিকে সেরা হতে মরিয়া স্পেন। পেদ্রি, উনাই সিমোন, ওয়ারসাবাল, দানি ওলমো, পাউ তোরেস, মার্কো অ্যাসেনসিও এরিক গার্সিয়াদের নিয়ে গড়া স্পেন দলে নেই ইনজুরি বা নিষেধাজ্ঞার সমস্যা। দানি আলভেজের নেতৃত্বে ব্রাজিলও নামবে পূর্ণ শক্তির দল নিয়ে। রিও অলিম্পিকে নেইমারের ব্রাজিল টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল জার্মানিকে। টোকিওর ফাইনালও কঠিন লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে। অনূর্ধ্ব-২৩ পর্যায়ে কখনই মুখোমুখি হয়নি ব্রাজিল-স্পেন। সিনিয়র দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ব্রাজিল। নয়বারের দেখায় ব্রাজিলের জয় ৫টি। স্পেন জিতেছে ২ ম্যাচে। বাকি দুই ম্যাচ ড্র।


















