ইতিহাসের গড়ার দিনে
দলকে ব্যাট হাতে সামনে থেকে পথ দেখালেন অ্যান্ডি বলবার্নি। অধিনায়কের দারুণ সেঞ্চুরি ও হ্যারি টেক্টরের কার্যকর ফিফটিতে রেকর্ড গড়া সংগ্রহ পেল আয়ারল্যান্ড। পরে দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে আড়াইশর নিচে থামিয়ে ইতিহাস গড়ল স্বাগতিকরা। দলটির বিপক্ষে প্রথমবার পেল আন্তর্জাতিক ম্যাচ জেতার অনির্বচনীয় স্বাদ।
ডাবলিনে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আইরিশরা। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টি বাধায়।
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের এটিই প্রথম জয়। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৭ ওয়ানডেতে। অন্য কোনো সংস্করণে এখনও দেখা হয়নি তাদের।
আয়ারল্যান্ডের জয়ের ভিত অনেকটাই গড়া হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। বালবির্নির ১০২ রান ও টেক্টরের ৭৯ রানের সুবাদে ২৯০ রানের পুঁজি পায় তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই দলটির সর্বোচ্চ রানের রেকর্ড।

পরে রান তাড়ায় ইয়ানেমান মালানের ৮৬ ও রাসি ফন ডার ডাসেনের সঙ্গে তার শতরানের জুটিতে শক্ত ভিত পেয়েও দক্ষিণ আফ্রিকা থেমে যায় ২৪৭ রানে।


















