অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে মঙ্গলবার ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ক্রিস গেইল।
টি২০ ব্যাটিংয়ের অবিসংবাদিত সম্রাট। অর্জনে ঠাসা ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছোঁয়ার ম্যাচে ছক্কায় ভর করেই ধাপে ধাপে এগোলেন গেইল। ২০ ওভারের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে পা রাখলেন ১৪ হাজার রানের সীমানায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংসের পথে গেইল স্পর্শ করেন স্বীকৃতি টি২০তে ১৪ হাজার রান। বলার অপেক্ষা রাখে না, রানের তালিকায় তার ধারেকাছে নেই কেউ। মঙ্গলবার সকালে এই ম্যাচে সেন্ট লুসিয়ায় গেইল খেলেন ৭ ছক্কায় ৩৮ বলে ৬৭ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জেতে ৬ উইকেটে।
১৪২ রান তাড়ায় গেইল উইকেটে যান প্রথম ওভারে, ওপেনার আন্দ্রে ফ্লেচার আউট হওয়ার পর। মিচেল স্টার্কের ওই ওভারে তিনটি বল খেলে তিনি রান পাননি। পরের ওভারে জস হ্যাজেলউডের লেংথ বল লং অনের ওপর দিয়ে উড়িয়ে প্রথম রানের মুখ দেখেন। বল বাউন্ডারিতে পাঠান পরের তিন বলেও, তিনটি চার। ছক্কায় রাঙানোর সেটি কেবল শুরু। নবম ওভারে অ্যাডাম জাম্পাকে লং অন দিয়ে উড়িয়ে পূর্ণ হয় তার ১৪ হাজার। এই লেগ স্পিনারের পরের ওভারে টানা তিন ছক্কায় তিনি পৌঁছে যান ফিফটিতে। ১৪ হাজার টি২০তে রান, এই সংস্করণে আরও অনেক অর্জনের মতো এখানেও প্রথম ‘ইউনিভার্স বস’।


















