ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন

ব্রাজিলকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগের কয়েক ম্যাচে বদলি নেমে আলো ছড়ানো অ্যাঞ্জেল ডি মারিয়া শুরুর একাদশে সুযোগ পেয়েই জালের দেখা পেলেন। তার একমাত্র গোলেই ব্রাজিলকে কাঁদিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শনিবার সকালে ফাইনালে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। ২৮ বছর পর প্রথম কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জিতল তারা।

ম্যাচ শুরুর আগে লেজার শো হয় রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে। পোড়ানো হয় আতশবাজি। মাঠে ছিল কিছু দর্শক। অসংখ্য ফাউলে বারবার খেই হারানো ম্যাচে প্রথম ভালো সুযোগটা পান নেইমার। ত্রয়োদশ মিনিটে রিশার্লিসনের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি তিনি। প্রতিপক্ষের পায়ে প্রতিহত হয়।

২১তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগেই স্বাগতিকদের স্তব্ধ করে দেয় আর্জেন্টিনা। নিজেদের অর্ধ থেকে রদ্রিগো দে পলের পাস পেয়ে যান দি মারিয়া। মাঝ পথে বল থামানোর সুযোগ ছিল রেনান লোদির, পারেননি তিনি। পিএসজি মিডফিল্ডার বল রিসিভ করে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠান জালে।

গত বিশ্বকাপের পর এই প্রথম আর্জেন্টিনার হয়ে গোল পেলেন ডি মারিয়া। শুধু তাই নয়, ২০০৫ কনফেডারেশন্স কাপের ফাইনালের পর এই প্রথম কোনো ফাইনালে গোল পেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শট নেন দি মারিয়া। এবার ব্লক করেন ব্রাজিল অধিনায়ক চিয়াগো সিলভা। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি মেসি।

৪৩তম মিনিটে রিশার্লিসনের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি লুকাস পাকেতা। পরের মিনিটে নেইমারের কর্নারে রিশার্লিসনের হেডে দূরের পোস্টে পা ছোঁয়াতে পারেননি কেউ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ