ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন

মানুষের নিরাপত্তার জন্যই ডিজিটাল আইন: তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে বাংলাদেশের মানুষকে ডিজিটাল নিরাপত্তা’ দেওয়ার জন্য। আর এ আইনের অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে সরকার ‘সচেতন’ আছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড়ে নিজের বাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘মুশতাক আহমেদের মৃত্যুটা সত্যিই অনভিপ্রেত। আমিও তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। সেখানে কারা কর্তৃপক্ষের কোনো গাফেলতি ছিল কিনা- সেটা খুঁজে দেখা যেতে পারে।‘

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ডিজিটাল বিষয়টা আজ থেকে ১০-১৫ বছর আগে ছিল না, সুতরাং ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে যখন একজন সাংবাদিকের চরিত্র হনন করা হয়, একজন গৃহিনীকে যখন অপবাদ দেওয়া হয়, একজন সাধারণ মানুষ যখন ডিজিটাল আক্রমণের শিকার হন, তিনি কোন আইনে প্রতিকার পাবেন? তখন কোন আইনের বলে সে নিরাপত্তা পাবে? সেজন্য একটা আইনের দরকার। এই জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন।‘

তবে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে সরকার ‘সচেতন’ আছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে যাতে এই আইনের অপব্যবহার না হয়, সেজন্য তথ্য মন্ত্রণালয় ও আমি ব্যক্তিগতভাবে সবসময় সচেতন আছি এবং কোনোখানে এ ধরনের ঘটনা ঘটলে খোঁজখবর নিয়ে ব্যবস্থাও গ্রহণ করা হয়।‘

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ