বল নিয়ে ছুটছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা
করিম বেনজেমার জোড়া গোলে মঙ্গলবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শেষ হয়েছে ৩-১ গোলে। রিয়ালের অন্য গোলটি টনি ক্রুসের। বিলবাওয়ের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্দার কেপা। এ জয়ে পয়েন্ট টেবিলের চার থেকে তিনে উঠে এল জিনেদিন জিদানের দল।
আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে প্রথম দিকে এলোমেলো খেলছিল রিয়াল মাদ্রিদ। তবে ১৩তম মিনিটে বিলবাওয়ের রাওল গার্সিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাগতিক রিয়ালের খেলায় ধার বাড়ে। তবুও প্রথমার্ধের অন্তিম সময়ের আগে কোনো গোল পায়নি তারা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্স থেকে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে জোরালো শটে আসরে নিজের প্রথম গোলটি করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
বিলবাও তাদের একমাত্র গোলটি করে দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে। বেনজেমা নিজের প্রথম গোলটি করেন ম্যাচের ৭৪তম মিনিটে। দানি কার্ভাহালের পাস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ে তিনি করেন নিজের দ্বিতীয় গোলটি। এ গোলের অ্যাসিস্টদাতা লুকা মড্রিচ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিশছিত হয় সার্জিও রামোসদের। এর ফলে ১৩ ম্যাচে ৮ জয় ও দুই ড্রয়ে সোসিয়েদাদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের সমান ২৬ পয়েন্ট হলো রিয়ালের। অ্যাতলেটিকো অবশ্য দুই ম্যাচ কম খেলেছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে বিলবাও।


















