ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

ভারতের পর এবার যুক্তরাষ্ট্রও টিকটকসহ অন্যান্য চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছে

ভারতের পর এবার যুক্তরাষ্ট্রও চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন।

সিএনএন জানায়, সোমবার ফক্স নিউজের সঙ্গে মাইক পম্পেওর এক সাক্ষাৎকারে বিষয়টি উঠে আসে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকসহ অন্যান্য চীনা অ্যাপ নিষিদ্ধের দিকে হাঁটছে মার্কিন কর্তৃপক্ষ।

পম্পেও বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি, বিশেষ করে টিকটক নিয়ে। আপনি যদি চীনা কমিউনিস্ট পার্টির হাতে আপনার ব্যক্তিগত তথ্য দিতে চান তবেই অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

এদিকে পম্পেওর এই মন্তব্যের পর টিকটকের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, টিকটকের নেতৃত্বে আছেন একজন আমেরিকান সিইও। সুরক্ষা, নিরাপত্তা, পণ্য, জনস্বার্থ এসব নিয়ে শত শত কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কাজ করছেন।

তিনি বলেন, আমাদের ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত অ্যাপ দেয়াই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা কখনো চীনের কাছে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করিনি, কখনো করবোও না।

এর আগে লাদাখ সীমান্তে চীন-ভারতের বিরোধপূর্ণ পরিস্থিতিতে ৩০ জুন টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করে দিল্লি সরকার।

একদিনের মধ্যে ভারতে প্লে স্টোর থেকে অ্যাপগুলো নামিয়ে ফেলা হয়। ভারতের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন