ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

ফের পেছালো সম্রাটের জামিন শুনানি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য ফের তার জামিন শুনানি পিছিয়ে গেছে।

আজ বুধবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. সিফুজ্জামানের আদালত জামিন শুনানি পিছিয়ে নতুন দিন ধার্য করেছেন।

এদিন সম্রাটের জামিন শুনানি ও মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে সম্রাট অসুস্থ থাকায় কারাকর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কাস্টোডি ওয়ারেন্ট পাঠান। এরপর বিচারক সম্রাটের জামিন শুনানি ও অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেন।

এ মামলায় গত ১১ মে সম্রাটকে জামিন দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত। এ মামলায় জামিন পাওয়ার আগে তার বিরুদ্ধে করা আরো তিনটি মামলায় তিনি জামিন পান। চারটি মামলার সব মামলায় জামিন পাওয়ায় গত ১১ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) প্রিজন সেল থেকে কারামুক্তি পান সম্রাট।

গত ১৮ মে দুদকের এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একইসাথে সাতদিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

গত ২৪ মে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সম্রাট। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, রমনা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ১১ এপ্রিল জামিন পান সম্রাট। এর একদিন আগেই ১০ এপ্রিল অর্থপাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় ঢাকার পৃথক আদালত তার জামিন মঞ্জুর করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে আটক করে র‌্যাব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ