ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

২ বছর পর একসঙ্গে নিশো-সাফা

আসছে ঈদের একটি নাটকে আবারও জুটি বেঁধেছেন জনপ্রিয় তারকা আফরান নিশো ও সাফা কবির। এ নাটকের মধ্য দিয়ে দুই বছর পর একসঙ্গে পর্দা ভাগ করছেন তারা। নাম চূড়ান্ত না হওয়া এ নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। শিহাব শাহীনের গল্পে এর চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও নির্মাতা নিজে।

রোববার টানা শুটিংয়ের মধ্য দিয়ে এর কাজ শেষ হয় বলে জানান নির্মাতা। তিনি বলেন, নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি। এটা একটা রম-কম গল্প।

সাফা কবির বলেন, ‘আমি মাঝখানে একটু ছুটি নিয়েছিলাম, দেশের বাইরে গিয়েছিলাম ঘুরতে। প্রায় ১৪ দিন পর দেশে ফিরেছি। ফিরেই শুটিং শুরু করি যার কারণে এবার একটু ভয় পেয়ে গিয়েছিলাম আমি, সেইসঙ্গে নার্ভাসও। একে তো শিহাব শাহীন ভাইয়ার কাজ যিনি কিনা একদম প্রপার শট ধরে কাজ করেন; তার উপর সহশিল্পী নিশো ভাইয়া। সবকিছু মিলিয়ে একটু নার্ভাসই ছিলাম।

নিশো ভাইয়ার সঙ্গে আগে আমার কাজ হয়েছে কিন্তু তারপরও এবার সবকিছু মিলিয়ে একটু নার্ভাসই লাগছিলো আমার। তবে আমরা বেশ মজা করেই শুটিং করেছি। দৃশ্যগুলো কীভাবে করলে সুন্দর হবে বা ভালো হবে, এক্সপ্রেশন কীভাবে দিলে সেটা পারফেক্ট হবে; এসব বিষয়ে সবসময় বেশ হেল্প করতেন। পুরো শুটিংটাই বেশ উপভোগ করেছি।’

এর আগে আফরান নিশোর সঙ্গে সাফার একাধিক কাজ হয়েছে। এরমধ্যে রয়েছে- আগন্তক, ভিক্টিম, ভাই কিছু বলতে চায়, তোমারই ছোঁয়ায়, দ্য লাইফ অব জলিল, আজ পুতুলের জন্মদিন ইত্যাদি। তারা সর্বশেষ কাজ করেছেন ২০২০ সালে ‘শো মেকার’ নাটকে। এরপর তাদেরকে এর একসঙ্গে পর্দায় দেখা যায়নি।

অন্যদিকে, শিহাব শাহীনের সঙ্গে এই অভিনেত্রীর এটি দ্বিতীয় কাজ। আসছে ঈদেই প্রচারে আসবে এ জুটির প্রথম কাজ ‘তবুও রেখো মনে’। এখানে সাফা কবিরের বিপরীতে রয়েছেন তাহসান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ