নাপোলির বিপক্ষে বৃহস্পতিবার ৪-২ গোলে জেতে বার্সেলোনা। নকআউট প্লে অফ রাউন্ডে দুই লেগের অগ্রগামিতায় ৫-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করে বার্সেলোনা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) উয়েফার সদর দফতর নিওনে ড্র করে তাদের শেষ ষোলোর প্রতিপক্ষ নির্ধারণ হলো।
বার্সেলোনা শেষ ষোলোতে লড়বে তুর্কি জায়ান্ট গ্যালাতাসারেইর বিপক্ষে। ১০ মার্চ প্রথম লেগ হবে ন্যু ক্যাম্পে এবং ফিরতি লেগ সাত দিন পর ১৭ মার্চ ইস্তানবুলে।
১৯৯৩ থেকে ২০০৩ সালের মধ্যে বার্সেলোনা ও তুর্কি দলটি মুখোমুখি হয়েছিল চারবার। সবগুলোই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে। আট ম্যাচে বার্সেলোনা জিতেছিল পাঁচটি, দুটি ড্র ও একটি জয় গ্যালাতাসারেইর।
এই বছর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই বাদ পড়ে বার্সা। গ্রুপের তৃতীয় দল হয়ে তাদের ঠাঁই হয় ইউরোপা লিগে, ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবার।
শেষ ষোলোর ড্রয়ে অন্য লাইনআপও চূড়ান্ত হয়েছে। রেঞ্জার্স খেলবে রেড স্টার বেলগ্রেডের সঙ্গে। ব্রাগা মোনাকোর এবং পোর্তো হবে লিওঁর মুখোমুখি। আটালান্টা ও বায়ার লেভারকুসেন, সেভিয়া ও ওয়েস্টহ্যাম, আরবি লাইপজিগ ও স্পার্তাক মস্কো এবং রিয়াল বেটিস ও আইনত্রাখত ফ্রাঙ্কফুর্ট খেলবে একে অন্যের বিপক্ষে।



















