ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে অন্তর মিয়া (১৮), কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২১) ও একই ইউনিয়নের শ্যামরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আনন্দ ইসলাম (২২)।
জানা গেছে, বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেলে অন্তর, রবিউল ও আনন্দ হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অন্তর ও রবিউল নিহত। এ সময় আনন্দ আহত হন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।



















