ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ভারতীয় বোলারদের তোপে ৮৫ রানেই শেষ স্কটল্যান্ড

আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারানোর পর এবার স্কটল্যান্ডকে মাত্র ৮৫ রানে গুটিয়ে দিয়েছে ভারত। জাদেজা-শামিদের বোলিং তোপে ইনিংসের ১৪ বল থাকতেই অলআউট হয়েছে স্কটিশরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ আত্মবিশ্বাসী শুরুই করেছিলেন ওপেনার জর্জ মুনসে। কিন্তু ভারতীয় বোলারদের তোপে ২৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে স্কটল্যান্ড। এই ২৯ রানের মধ্যে আবার ২৪ রানই (১৯) মুনসের।

পাওয়ার প্লে’তে অধিনায়ক কাইল কোয়েতজার (১) আর মুনসকে হারায় স্কটিশরা। ২ উইকেটে তোলে ২৭ রান। সপ্তম ওভারে এসে চার বলের মধ্যে রিচি বেরিংটন (০) আর ম্যাথু ক্রসকে (২) তুলে নেন রবীন্দ্র জাদেজা। বিপদে পড়ে স্কটল্যান্ড।

তারপরও ঝড়ো ব্যাটিংয়ে দলকে কিছুটা এগিয়ে নেন মাইকেল লিস্ক। ১২ বলে ২১ রান করা এই ব্যাটারকেও সাজঘরে ফেরান সেই জাদেজা।

৬৩ রানে ৬ উইকেট হারানো স্কটল্যান্ড শেষ ৪ উইকেটে যোগ করতে পেরেছে আর ২২ রান। এর মধ্যে মোহাম্মদ শামির করা ইনিংসের ১৭তম ওভারেই তারা হারায় ৩ উইকেট। একটি ছিল রানআউট। সবমিলিয়ে ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা ৪ ওভারে ১৫ রানে ৩টি আর শামি ৩ ওভারে ১৫ রানে নেন ৩টি উইকেট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ