ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

যুক্তরাজ্যের আর্থিক সহায়তা প্যাকেজ শেষ হচ্ছে

প্রাণঘাতী করোনা মহামারিকালে যুক্তরাজ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রণীত ৭ হাজার কোটি পাউন্ডের আর্থিক সহায়তা (ফার্লো স্কিম) চলতি সপ্তাহে শেষ হতে যাচ্ছে। এখন পর্যন্ত দেশটির শ্রমবাজারে সর্ববৃহৎ সরকারি সহায়তা। খবর দ্য গার্ডিয়ান।

এ প্যাকেজের আওতায় নেতিবাচক অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ ১৮ মাস ৭ হাজার কোটি পাউন্ডের সমপরিমাণ প্রণোদনা দেয়া হয়েছে। ফার্লো স্কিমের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্থায়ী ও খণ্ডকালীন কর্মীদের বেতন কাঠামোর ৮০ শতাংশ অর্থ পরিশোধ করা হয়েছে।

রিশি সুনাক মনে করছেন, সহায়তা কার্যক্রমের অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়েছে। বর্তমানে ব্রিটিশ অর্থনীতি সরকারি বেতন সহায়তা ব্যতীত পুনরুদ্ধারের পথে অনেকটাই পিছিয়ে পড়েছে। অধিকাংশ অর্থনীতিবিদই ব্রিটিশ অর্থমন্ত্রীর মতামতের প্রথমাংশের সঙ্গে একমত পোষণ করেছেন।

তারা মনে করছেন, কভিড-১৯ মহামারীকালে বিপর্যস্ত খাতগুলোতে সরকারের এ প্রণোদনার অর্থ অনেক ভালো প্রভাব রেখেছে। এর মাধ্যমে কর্মীদের বেতন কাঠামোর ৮০ শতাংশ অর্থ পরিশোধ করা সম্ভব হয়েছে, যার সর্বোচ্চ সীমা ছিল মাসিক ২ হাজার ৫০০ পাউন্ড।

এই সহায়তা প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক দ্য ব্যাংক অব ইংল্যান্ডও উদ্বেগ প্রকাশ করেছে। প্রায় ১০ লাখের বেশি ফার্লো স্কিম গ্রহণকারী কর্মীর ভাগ্যে কী ঘটবে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক। এত দিন ফার্লোর মাধ্যমে এসব কর্মীর বেতন পূর্ণকাঠামো অনুসারে দিয়ে আসছেন নিয়োগকর্তারা।

উল্লেখ, গত বছরের মার্চে যেসব প্রতিষ্ঠান কর্মীদের বেতন ও পরিচালনা ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছিল, তাদের জন্য এ সহায়তা প্যাকেজ ঘোষণা করেন ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ