বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও সফল সংগঠক মরহুম আফজালুর রহমান সিনহার নামে কায়সার সিনহা সংগঠক সম্মাননা পুরস্কার চালু করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)।
শনিবার ঢাকা ক্লাবে এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সংগঠকদের জন্য নতুন এই পুরস্কার চালুর কথা জানায় বিএসপিএ।
সিনহার পরিবারের পৃষ্ঠপোষকতায় দেয়া হবে এই পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও মরহুম কায়সার সিনহার ছেলে একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক ফাহিম সিনহা। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বিসিবির পরিচালক ও বিভিন্ন ফেডারশেনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আফজালুর রহমান সিনহার অবদানকে গুরুত্বের সাথে তুলে ধরেন বক্তারা। তারা বলেন, ক্রিকেট, হকি ও আবাহনীর জন্য সিনহা ছিলেন নিবেদিত প্রান। তার চলে যাওয়া ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
কায়সার সিনহা সংগঠক সম্মাননা পুরস্কারের পাশাপাশি কায়সার সিনহা স্মারক গ্রন্থ প্রকাশেরও উদ্যোগ নিয়েছে বিসএসপিএ। প্রতিবছরই সংগঠকদের এই পুরস্কার দেয়া হবে বলে জানান বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা।

এ বছরের শেষ দিকে এই পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুদীপ্ত আনন্দ।


















