আফগান তারকা ক্রিকেটার রশিদ খান ইংল্যান্ডে চলতে থাকা ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ শুক্রবার মাঠে নেমেছিলেন দেশপ্রেমের মন্ত্র নিয়ে। এদিনে মুখে আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত সরকারের পতাকা গালে এঁকে মাঠে নামেন তিনি।
টুর্নামেন্টে ছেলেদের অংশের এলিমিনেটরে রশিদ খানের দল ট্রেন্ট রকেটস মুখোমুখি হয়েছিল সাউদার্ন ব্রেভের। এদিন অবশ্য ব্যাট-বল হাতে আলো ছড়াতে পারেননি এই আফগান লেগ স্পিনার, ম্যাচে তার দলও হেরেছে।
তবে এই ম্যাচে সবার নজর কেড়েছে রশিদ খানের গালে আঁকা দেশপ্রেমের বার্তা।
গত রোববার আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান বাহিনী। তাদের শাসন ব্যবস্থা নিয়ে আফগানিস্তান ও দেশটির মানুষের জীবন নিয়ে দেখা দিয়েছে নানান শঙ্কা। শঙ্কিত রশিদ খানও।
তালেবান কাবুলের দখল নেওয়ার পর আফগানিস্তানে থাকা নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন রশিদ। নিজ জন্মভূমির শান্তির জন্য পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের কাছে আহ্বান জানিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

গত পরশু আফগানিস্তানের স্বাধীনতা দিবসেও টুইট করেন রশিদ। সেটির মূল কথা ছিল- শান্তি। উন্নতি করতে থাকা একতাবদ্ধ আফগানিস্তানের স্বপ্ন।


















