প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের দেয়া ২৭৭ রানের জবাবে সাকিবের ঘূর্ণিতে ১২১ রানেই গুটিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজে ১-০ গোলে এগিয়ে থাকলো সফরকারী বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ। ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই আঘাত হেনেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে সরাসরি বোল্ড হয়ে কোনো রান না করে সাজঘরে ফিরেছেন মারুমানি। পঞ্চম ওভারে দ্বিতীয় আঘাত হানেন তাসকিন আহমেদ। তিনি বোল্ড করেন ৯ রান করা মাধেভেরেকে।
সাইফউদ্দিন এবং তাসকিনের পর জিম্বাবুয়ের তৃতীয় উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। মেয়ার্সকে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান এই তরুণ। এবার স্বাগতিক দলের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে ফেরালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাসকিনের তালুবন্দী হয়ে ফেরার আগে ৩১ বলে ২৪ রান করেন জিম্বাবুয়ের অধিনায়ক।
এরপর বল হাতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন সাকিব। মূলত তার ঘূর্ণিতেই কাবু হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। টেইলরের পর একে একে ফেরান রায়ান বার্ল, মুজারাবানি, চাকাবা ও এনগাবারাকে। এই ম্যাচে ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ উইকেট নিয়েছেন সাকিব।



















