রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ প্রায় কোটি টাকাসহ ইয়াবা উদ্ধার করা হয়েছে
বুধবার (৭ জুলাই) ভোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুক্তারের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ।
তিনি জানান, বাঘা থানায় করা একটি মামলায় পুলিশ পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায়। এ সময় বাড়িটিতে তল্লাশি করে চারটি পিস্তল, প্রায় ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা পাওয়া যায়। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া না গেলেও বাড়িতে থাকা তার স্ত্রী এবং দুই ভাতিজাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে। দুপুর ১২টায় বাঘা থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত পৌর নির্বাচনে মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। সে সময় মুক্তারের সমর্থকদের হামলায় হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তার আলীকে আড়ানী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়।



















