ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানালেন বুবলী

ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলের হামলার এক সপ্তাহ পার হলো। রোববার (১৬ মে) অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যাদের মধ্যে ১০ জন শিশু। অপরদিকে পাল্টা জবাব হিসেবে ইসরায়েলি শহরগুলোতেও রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের প্রভাবশালী রাজনৈতিক দল হামাস।

গাজায় অনবরত ইসরায়েলি হামলা নিয়ে বিশ্বের অনেক তারকা উদ্বেগ প্রকাশ করেছে। এবার এর প্রতিবাদ জানালেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

বুবলী লিখেছেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চলেছে ইসরায়েলের!’

দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। এই প্রসঙ্গ টেনে বুবলী আরও লেখেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে।’

তিনি আরও লেখেন, ‘নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব? বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ