আজ রোববার ভোরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। এতে সেতু ও এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে একটি মার্কেট ও একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়।
ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীরা সেতুর জাজিরা প্রান্তের গোলচত্বরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় সেখানে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যও ছিলেন; সংঘাত এড়াতে তারা নিরাপদ স্থানে সরে যান। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন এবং প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেন।
অবরোধ ও বিক্ষোভের মধ্যেই সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট এবং নাওডোবা গোলচত্বরের পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁ ও পাশের একটি খাবার হোটেলে অগ্নিসংযোগ করা হয়। তবে সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অবরোধের কারণে সেতু ও এক্সপ্রেসওয়েতে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। প্রায় দেড় ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানিয়েছে, সেতুতে যান চলাচল বন্ধ ছিল প্রায় ৪৫ মিনিট; প্রাণহানি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিন নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউন কর্মসূচির প্রথম দিন। কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের মহাসড়ক দিয়েও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে; এতে ঢাকার সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।


















