ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি-আতিফ

দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা গেছে ভারতের জনপ্রিয় র‍্যাপার হানি সিং ও পাকিস্তানের গায়ক আতিফ আসলামকে। অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নাচের ভিডিও ও একসঙ্গে তোলা ছবি প্রকাশ করেছেন।

ভিডিওতে পাকিস্তানি গায়ক আবরার-উল-হকের গানের তালে দুই শিল্পীকে নাচতে দেখা যায়। বর-কনেকে শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে ওঠেন তারা। ছবিতে হানিকে বাদামি রঙের শেরওয়ানিতে ও আতিফকে বাদামি জ্যাকেটে দেখা গেছে। একসঙ্গে ছবি তোলেন, আলিঙ্গন করেন, একই টেবিলে বসেন তারা। হানি ভাংড়া নাচেন, আতিফও তালে তাল মেলান।

পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সমেট লো’ ৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে। সিরিজটিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খানসহ অনেকে। ভারতে সিরিজটি নিষিদ্ধের দাবি উঠেছে; ভারতের চলচ্চিত্রকর্মীদের সংগঠনগুলো নেটফ্লিক্স ইন্ডিয়ায় এটির প্রচার না করার দাবি জানিয়েছে। সেই বিতর্কের মধ্যেই দুই শিল্পীর এই মুহূর্ত নতুন করে আলোচনায় এসেছে।

সাদিক সেলিম লিখেছেন, একদিকে সিরিজটির প্রচার বন্ধের অভিযোগ, অন্যদিকে এখানে সংগীত, বন্ধুত্ব ও আনন্দ উদযাপন করা হচ্ছে—এমনটা শুধু দুবাইয়েই সম্ভব।

এর আগে আতিফ এক আলাপচারিতায় হানির ‘লুঙ্গি ডান্স’ গানটি তার প্রিয় বলে জানিয়েছিলেন এবং একসঙ্গে কাজের ইচ্ছার কথা বলেছিলেন। হানিও সহযোগিতার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। হানি ২০২৩ সাল থেকে দুবাইয়ে থাকছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন