ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে আটকা পড়েছেন ২৬ জন শ্রমিক। সোমবারের ভারী বৃষ্টিতে পাশের নদীর পানি খনির ভেতরে ঢুকে পড়লে তাঁরা আটকা পড়েন। বুধবারও তাঁদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।
খনিটি বোগর জেলার পংকর এলাকায়, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে। সোমবার বিকেলে ওই এলাকায় ভারী বৃষ্টি হয়। রাত ১১টার দিকে নদীর পানি অবৈধভাবে খোঁড়া খনির সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। তখন খনির ভেতরে প্রায় ৩০ জন ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন নিজেরাই বেরিয়ে আসতে পেরেছেন।
পুলিশ জানিয়েছে, এখনো ২৬ জনকে উদ্ধার করা যায়নি। খনিটি প্রায় ১০০ মিটার গভীর। সরু প্রবেশপথ, পিচ্ছিল ও অন্ধকার পথ উদ্ধারকাজে বাধা দিচ্ছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, পানির অবস্থা পর্যবেক্ষণ করে সুড়ঙ্গে ঢোকার পথ খোঁজা হচ্ছে।
কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে ঘটনার খবর পায়। তারপর থেকে উদ্ধারকাজ চলছে। আটকে পড়াদের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, কিংবা তাঁরা কেমন আছেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে অনুমোদনহীন একটি খনিতে; এটি তাদের পরিচালিত খনির অংশ নয়। গত সপ্তাহে বোগরের আরেক এলাকায় প্রায় ৩০টি সোনার খনির গর্ত বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।



















