আইপিএলের আসন্ন নিলামে নাম নিবন্ধন করেও চূড়ান্ত নিবন্ধিত ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। আজ বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত ১ হাজার ২২৭ ক্রিকেটারের তালিকায় নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসারের নাম। তবে কী কারণে তার নাম নেই, তা এখনো স্পষ্ট নয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবারের আইপিএল নিলামে বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম রয়েছে। অথচ দুই সপ্তাহ আগেও মুস্তাফিজের নিলামে নাম নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে শেষ মুহূর্তে তিনি নিজেই নাম প্রত্যাহার করেছেন, নাকি অন্য কোনো কারণে তালিকায় তার নাম নেই, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
গত আসরে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতির পর বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এ ঘটনায় প্রতিবাদ জানায় বিসিবি ও বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার।
পরবর্তী সময়ে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদন জানায় বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই আবেদন গ্রহণ না করায় বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।
শাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে নয় মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬০ উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেট ৮.১৩।

২০১৬ সালে আইপিএলে অভিষেকের বছরেই সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মুস্তাফিজ। প্রতিযোগিতার ইতিহাসে এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি।
নিলাম তালিকায় থাকা বাংলাদেশের ১২ ক্রিকেটার: হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।


















