ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের দাবি ড. ইউনূসের

নভেম্বর মাসেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে বলে জানিয়ে হামলা বন্ধ ও অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে কেউ নির্দেশ দিচ্ছে।

ব্যাংকটির সর্বশেষ অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, ১০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ব্যাংকের শাখা ও কার্যালয়ে ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।

গত ১৮ নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী শাখায় হামলার ঘটনায় প্রায় এক ডজন লোক ধারালো অস্ত্র, পেট্রল ও তালা ভাঙার যন্ত্রপাতি নিয়ে ঢুকে পড়ে। তারা ভল্ট কাটার চেষ্টা করে এবং প্রায় ৪০ বস্তা ভাউচারসহ গুরুত্বপূর্ণ নথি বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। আসবাবপত্র লুট করা হয়। ওই ঘটনায় শাখার কর্মকর্তা-কর্মচারীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি বিশ্বস্বীকৃত প্রতিষ্ঠান। ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক, বাকি ১০ শতাংশের মালিক সরকার।

তিনি জানান, ২০১১ সালে তাঁকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি তিনি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও নন। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদ্‌যাপন করা হচ্ছে।

বিবৃতিতে ড. ইউনূস আরও জানান, চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করেন।

গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা যেন কোনো বাধা ছাড়াই অব্যাহত রাখা যায়, সে জন্য এই আবেদন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আরও তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেক অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান ড. ইউনূস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন