ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার (২৩ নভেম্বর) ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আবু নাসের মুহাম্মদ আবদুজ জাহেরসহ অন্যান্য পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যান, এনআরসির চেয়ারম্যান, বিধিবদ্ধ নিরীক্ষক, কমপ্লায়েন্স নিরীক্ষক, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার ও কোম্পানি সচিব উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল সাড়ে ৯টায় সভা শুরু হয়।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষকদের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর সভায় ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এ কে এম সদরুল ইসলাম সভায় বক্তব্য দেন এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পালাক্রমে পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অধ্যাপক এ এন এম এ জাহের ও অধ্যাপক ডা. চৌধুরী মাহমুদ হাসান।

আলোচ্য বছরে কোম্পানিটি আয়কর, ভ্যাটসহ অন্যান্য কর বাবদ ২৪৮ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬৩১ টাকা জাতীয় রাজস্বে অবদান রেখেছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, মুনাফার ৫ শতাংশ অর্থাৎ ৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯০৪ টাকা শ্রমিকদের মুনাফা অংশগ্রহণ তহবিলে (ডব্লিউপিপিএফ) স্থানান্তর করা হয়েছে।

কোম্পানির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং মানবজাতির জন্য মহান আল্লাহর আশীর্বাদ কামনা করে সভা শেষ হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন