ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে সোমবার দুপুরে গাজীপুরে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের আনসার রোড, গিলারচালা ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায়ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। ওই সময় ১২টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভিনটেজ ডেনিম লিমিটেডের এক নারী শ্রমিক আগের দিনের ঘটনায় পায়ে আঘাত পান। কীভাবে তিনি আহত হলেন, তা জানতে চেয়ে শ্রমিকেরা সকালে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা মহাসড়কে জড়ো হন।

গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। শিল্পাঞ্চলে নিরাপত্তা রক্ষায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন